দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজ ঘিরে তাই আলাদা আগ্রহ তৈরি হয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।তবে বহুল প্রতীক্ষিত এই লড়াই বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি টেলিভিশনে দেখার সুযোগ থাকছে না। সিরিজের দুই টেস্টই বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে কেবল ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড।
অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশিত সম্প্রচারস্বত্বের তালিকায় বাংলাদেশের জন্য কোনো টেলিভিশন চ্যানেলের নাম রাখা হয়নি। ফলে দেশের দর্শকদের অনলাইনে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচ দেখতে হবে।ট্যাপম্যাডে খেলা দেখতে নির্দিষ্ট অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করতে হবে দর্শকদের।
অন্য দেশগুলোতে অবশ্য ভিন্ন চিত্র।ভারত থেকে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ও জিওহটস্টার। শ্রীলঙ্কায় থাকছে স্টার স্পোর্টস ও সুপ্রিম টিভি, পাকিস্তানে টেন স্পোর্টস ও ট্যাপম্যাড এবং মালদ্বীপ, নেপাল ও ভুটানে স্টার স্পোর্টস ম্যাচ সম্প্রচার করবে।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সফর শুরু হচ্ছে ডারউইন থেকে। প্রথম টেস্টটি শুরু হবে ১৩ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সফরকারী বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।