আবারও তেল-গ্যাসের দাম বাড়ানো হলে জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে বিএসপির মতবিনিময় ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
বিএসপি চেয়ারম্যান বলেন, লাগামহীন দ্রব্যমূল্য, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় সেবার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। এ অবস্থায় জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।
ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, সরকারের উচিত বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং কার্যকর জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করা। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে।
তিনি বলেন, জনগণের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। এর মধ্যে জ্বালানি ও গ্যাসের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যাবে।
তাই নতুন করে তেল-গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে বিরত থাকতে হবে।
হুঁশিয়ারি উচ্চারণ করে বিএসপি চেয়ারম্যান বলেন, আবারও তেল-গ্যাসের দাম বাড়ানো হলে জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের বহিরাগত চাপ, প্রভাব বা হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ।
তিনি বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক বিভাজন ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করতে হবে। জাতীয় ঐক্য, সংলাপ, সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।
অনুষ্ঠানে বিএসপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরীর দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী বলেন, দেশ বর্তমানে গভীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, সন্ত্রাস, চোরাচালান, মজুতদারি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে।
তিনি বলেন, জনগণের সাংবিধানিক, মানবিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সরকার জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ক্ষুব্ধ জনগণ রাজপথে নেমে নিজেদের অধিকার আদায়ে বাধ্য হবে।
সভায় সভাপতিত্ব করেন বিএসপির ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া। যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়ার সঞ্চালনায় সভায় বাংলাদেশ গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, জনতা ফ্রন্টের চেয়ারম্যান মো. দিপু মির, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোশতাক আহমেদসহ বিএসপির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এতে দলের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।