জাফনা কিংসকে হারিয়ে শিরোপা গল টাইটান্সের

জাফনা কিংসকে হারিয়ে শিরোপা গল টাইটান্সের

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে জাফনা কিংসকে মাত্র ১২৩ রানে অলআউট করে গল টাইটান্স। জাফনার দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি তাদের।২৫ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না জাফনা কিংসের।ওপেনার ফার্নান্দো ১৬ বলে ২০ রান করে দলকে দ্রুত রান এনে দেন। তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা।অন্য প্রান্তে কুশল মিশারাও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করেন। ৩২ বলে ৪১ রান করে তিনি জাফনার ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক।তার ব্যাট থেকে আসে পাঁচটি চার।

তবে মিশারা ফেরার পর জাফনার ইনিংসে ধস নামে। খাজা নাফে মাত্র ২ বল খেলে কোনো রান না করেই বোল্ড হয়ে ফিরে যান। তাওহীদ হৃদয় ১০ বলে ১০ রান করেন। অধিনায়ক ভানুকা রাজাপাকসে ৬ বলে ৩ রান করে ফিরলে আরও চাপে পড়ে জাফনা।

দুনিথ ওয়েলালাগেও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি। ৮ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর সাকিব আল হাসানও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ১৩ বলে ৯ রান করে আউট হন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ফলে জাফনার রান তখন প্রত্যাশার তুলনায় অনেকটাই কম হয়ে যায়।

শেষদিকে বিক্রমাসিংহে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ১৬ বলে ২৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। তবে তার এই ছোট্ট ঝোড়ো ইনিংসও জাফনাকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় জাফনা কিংস।

জাফনার ব্যাটিং ধসিয়ে দিতে গল টাইটান্সের বোলারদের বড় ভূমিকা ছিল। চারিথ আসালাঙ্কা ও মালিঙ্গা নেন তিনটি করে উইকেট। ট্রেভিন ম্যাথিউজ শিকার করেন দুটি উইকেট। 

১২৪ রানের লক্ষ্য খুব বড় না হওয়ায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল গল টাইটান্স। তবে রান তাড়ার শুরুতে তারাও ধাক্কা খায়। ওপেনার হার্পার মাত্র ২ বলে ১ রান করে ফিরে যান। এরপর রজার্স ও কালুপাহানা মিলে ইনিংসের গতি বাড়ান।

রজার্স ২৭ বলে ৩৪ রান করেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার। অন্যদিকে কালুপাহানা ছিলেন আরও আক্রমণাত্মক। মাত্র ১৯ বলে ৩১ রান করে গলের রান তাড়াকে সহজ করে দেন তিনি। কালুপাহানার ইনিংসে ছিল ছয়টি চার এবং তার স্ট্রাইক রেট ছিল ১৬৩.১৬।

চারিথ আসালাঙ্কা ৩ বলে ২ রান করে ফিরে গেলেও করুণারত্নে ১৭ বলে ১৬ রান করে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নেন। এরপর আরাচ্চিগে ও অধিনায়ক দাসুন শানাকা দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করার পথে এগিয়ে যান।

দুইজনই অপরাজিত থেকে ম্যাচ শেষ করে দলের শিরোপা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS