দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে ভ্রমণ, পর্যটন, বিমান চলাচল ও আতিথেয়তা এই চার খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
শনিবার (০৮ আগস্ট) বিকেলে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভ্রমণ ও পর্যটন উন্নয়ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ।সরকার এই অবদান দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৬-৭ শতাংশে উন্নীত করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ভ্রমণ, পর্যটন, বিমান চলাচল ও আতিথেয়তা খাতের সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। নতুন এই প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আফরোজা খানম বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে বেসরকারি খাতকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।
বিগত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি দাবি করে তিনি বলেন, বর্তমান সরকার পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। পর্যটন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।
অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।