বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মলে আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ক্যাফে অ্যামাজন’-এর নতুন আউটলেটের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে কেবল ফিতা কাটা নয়, ছিল জমকালো সাংস্কৃতিক পরিবেশনাও।
এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান। নিজের প্রাণবন্ত পরিবেশনা, দর্শকদের সঙ্গে সরাসরি মিথস্ক্রিয়া এবং একের পর এক জনপ্রিয় গান গেয়ে পুরো অনুষ্ঠানকে উৎসবমুখর করে তোলেন তিনি।
মঞ্চে উঠেই তুমুল জনপ্রিয় ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন জেফার। গানের সঙ্গে নৃত্যশিল্পীদের প্রাণবন্ত নৃত্য দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়।প্রথম গান শেষে হাসিমুখে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘সবার কী অবস্থা? মজা করব তো একসঙ্গে?’ এরপরই পরিবেশন করেন তার জনপ্রিয় গান ‘তোমায় ঘিরে’।

দ্বিতীয় গান শেষ হতেই দর্শকদের একসঙ্গে গাওয়ার আহ্বান জানান জেফার।মুহূর্তেই পুরো শপিং মল দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে। সেই আবহে তিনি কণ্ঠে তোলেন ‘বন্দে মায়া লাগাইছে’। গানটির প্রতিটি লাইনে কণ্ঠ মেলান উপস্থিত শত শত দর্শক, যা অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়।
এরপর ধারাবাহিকভাবে তিনি পরিবেশন করেন ‘ভালো আছি ভালো থেকো’, ‘কেন আড়ালে হারাল ‘, ‘তোর ছায়া’, ‘ওয়াকা ওয়াকা’, ‘লিচুর বাগানে’, ‘বসন্ত বাতাসে’, ‘নিয়ে যাবে কি’ এবং ‘কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া’সহ একাধিক জনপ্রিয় গান। কয়েকটি গানের সঙ্গে নৃত্যশিল্পীদের আকর্ষণীয় পরিবেশনা দর্শকদের বাড়তি বিনোদন দেয়।
মৌলিক গানের পাশাপাশি রক, ফোক, আধুনিক ও পপ ঘরানার গান এবং প্রাণবন্ত মঞ্চ পরিবেশনার মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মুগ্ধ রাখেন জেফার রহমান। তার উপস্থিতিতে ‘ক্যাফে অ্যামাজন’-এর নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত সংগীত উৎসবে, যা উপস্থিত দর্শকদের জন্য হয়ে রইলো স্মরণীয় এক সন্ধ্যা।