বর্ণাঢ্য আয়োজন, ঝলমলে আলোকসজ্জা আর উৎসবের আবহে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করলো থাইল্যান্ডের জনপ্রিয় কফি চেইন ‘ক্যাফে অ্যামাজন’র নতুন আউটলেট। বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত গ্র্যান্ড ওপেনিং শুধু একটি ব্র্যান্ডের উদ্বোধনেই সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয়েছিল সুর, উচ্ছ্বাস আর দর্শক-শ্রোতার মিলনমেলায়।
সন্ধ্যার শুরুতে প্রায় ঘণ্টাব্যাপী পরিবেশনায় মঞ্চ মাতান চলতি সময়ের গায়িকা জেফার রহমান। তার গানের আবেশ তখনও কাটেনি, এরই মধ্যে দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে মঞ্চে ওঠেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।হাত নেড়ে দর্শকদের শুভেচ্ছা জানাতেই মুহূর্তে বসুন্ধরা সিটি মুখর হয়ে ওঠে চারদিকে একটাই ধ্বনি, ‘হাবিব… হাবিব…’।
মঞ্চে উঠেই ক্যাফে আমাজনের নতুন যাত্রার জন্য শুভকামনা জানান হাবিব।আড্ডার ছলে জানান নিজের পছন্দের পানীয়, হট কফি। এরপরই শুরু হয় সুরের জাদু।
প্রথমেই কণ্ঠে তোলেন ‘তোমারে দেখিলো পরানো ভরিয়া’। ‘চন্দ্রগ্রহণ’ সিনেমার এই জনপ্রিয় গান শুরু হতেই দর্শক-শ্রোতারা যেন একসঙ্গে হয়ে ওঠেন সহশিল্পী। পুরো শপিং মল ভরে যায় সমবেত কণ্ঠের আবেগে।
একটি গানের রেশ কাটতে না কাটতেই হাবিব গেয়ে ওঠেন ‘দিন গেল তোমার পথ চাহিয়া, মন পুড়ে সখি গো কার লাগিয়া’। এবার দর্শকেরা যেন নীরব মুগ্ধতায় ডুবে যান। তবে সেই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাঝপথেই গান থামিয়ে হাবিব হাসিমুখে বলে ওঠেন, ‘আমি বাজাব, আপনারা গাইবেন।’ আর তাতেই যেন বাঁধভাঙা উচ্ছ্বাস। মুহূর্তে দর্শকরাই হয়ে ওঠেন আসরের মূল কণ্ঠ।
‘বলে তো দিয়েছি হৃদয়ের কথা’ পরিবেশনের সময় যেন ভালোবাসার অপ্রকাশিত অনুভূতিগুলোও সুর হয়ে ভেসে বেড়াতে থাকে। এরপর ‘রাত নির্ঘুম’ গানে অভিমান, অপেক্ষা আর ভালোবাসার মিশেলে তৈরি হয় এক অন্যরকম আবহ।
এরপর ভালোবাসার আরও গভীরে নিয়ে যেতে হাবিব গাইলেন ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’। দর্শকেরাও সুর মিলিয়ে যেন প্রিয় মানুষটিকে প্রশ্ন ছুড়ে দিলেন- ‘আমায় কতটা ভালোবাসো, সেই কথাটা জানতে চাই।’
পরের গান ‘পৃথিবীর যত সুখ’। গানের প্রতিটি পঙ্ক্তিতে যেন ভেসে উঠছিল স্বপ্ন, ভালোবাসা আর একসঙ্গে পথচলার গল্প। গান শেষে হাসতে হাসতেই হাবিব বললেন, ‘আপনারাই তো আমার চেয়ে ভালো গাইছেন।’ তার এই মন্তব্যে আরও এক দফা করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো আয়োজন।
এরপর একের পর এক পরিবেশন করেন ‘বন্দে মায়া লাগাইছে’, ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে’, ‘ওই বেনি খুলে এলো চুলে’, ‘কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে’, ‘যাদু’ এবং সবশেষে শ্রোতাদের বহুল প্রতীক্ষিত ‘মহাজাদু’।
প্রতিটি গানের সঙ্গে দর্শকের কণ্ঠ মিলেছে, প্রতিটি সুরে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। একসময় মনে হচ্ছিল, মঞ্চে শুধু একজন শিল্পী নন, হাজারো কণ্ঠ মিলেই যেন গড়ে উঠেছে এক বিশাল সংগীতানুষ্ঠান।
কফির সুবাস, আলোর ঝলকানি আর প্রিয় গানের মায়াবী সুরে ক্যাফে আমাজনের উদ্বোধনী সন্ধ্যা হয়ে উঠেছিল এক অনন্য সাংস্কৃতিক উৎসব। আর সেই উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন হাবিব ওয়াহিদ, যিনি নিজের জনপ্রিয় গান আর অনন্য মঞ্চ উপস্থিতিতে পুরো আয়োজনকে ভাসিয়ে দিলেন সুরের লহমায়।