জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান দাবি করেছেন, দেশের বিভিন্ন গণহত্যার ঘটনায় আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে ও ভারত পরোক্ষভাবে দায়ী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত আয়োজিত বিক্ষোভ র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।‘খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুই বছর আশ্রয় দেওয়ার প্রতিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে’ জাগপা এ কর্মসূচির আয়োজন করে।
রাশেদ প্রধান বলেন, ভারত সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার উদ্দেশে আওয়ামী লীগকে ব্যবহার করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর সেই কৌশল পরিবর্তন করে বিএনপিকে ব্যবহার করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ক্ষমতার আশায় দেশের অনেক রাজনীতিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান।পিলখানা, শাপলা চত্বর, মোদীবিরোধী আন্দোলন এবং জুলাইয়ের ঘটনাসহ বিভিন্ন গণহত্যার জন্য আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে এবং ভারত পরোক্ষভাবে দায়ী বলেও দাবি করেন তিনি।
ভারতের সমালোচনা করে জাগপা মুখপাত্র বলেন, যে রাষ্ট্র সীমান্তে হত্যাকাণ্ড ঘটায়, অবৈধ পুশ-ইন করে, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দেয় না এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচনে হস্তক্ষেপ করে, তাকে বাংলাদেশের বন্ধু বলা যায় না।
রাশেদ প্রধান অভিযোগ করেন, দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আয়োজন এবং দলটির বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার মাধ্যমে ভারত সরকার দায় এড়াতে পারে না। দিল্লি থেকে আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
জাগপা মুখপাত্র বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে জাগপার আন্দোলন অব্যাহত থাকবে এবং যারা ভারতকে প্রভু মনে করবে, তাদের বিরুদ্ধেও রাজনৈতিক সংগ্রাম চলবে।
ঢাকা মহানগর জাগপার সভাপতি এস এম জিয়াউল আনোয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।