ফ্যাসিবাদী শাসনে আন্ডারগ্রাউন্ডে থেকে এখন শিবিরের আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

ফ্যাসিবাদী শাসনে আন্ডারগ্রাউন্ডে থেকে এখন শিবিরের আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

ইসলামী ছাত্রশিবির সভাপতির একটি মন্তব্যের কড়া জবাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটির দাবি, যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়ে ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে এখন শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর।

ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ মন্তব্য করেন।

সম্প্রতি ছাত্রশিবির সভাপতির ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’ শীর্ষক একটি বক্তব্যকে কেন্দ্র করে এ তীব্র প্রতিক্রিয়া জানায় ছাত্রদল।শিবির সভাপতির ওই বক্তব্যকে ‘শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি’ বলে আখ্যা দেওয়া হয়েছে বিবৃতিতে।

ছাত্রশিবিরকে উদ্দেশ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে, নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় মিশে থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে আজ শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর।

তিনি অভিযোগ করেন, এখনও তাদের (শিবির) একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে নামানো হয়েছে, যা শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিকৃত উল্লাস করা হচ্ছে।তবে শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের প্রতিরোধ করতে শুরু করেছে এবং এখন আর কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে ছাত্রদল।

শিবির সভাপতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নাছির উদ্দীন নাছির বলেন, ১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ হলেও কিছুই করতে পারবেন না।

সংঘাত নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের কথা উল্লেখ করে ছাত্রদলের এই শীর্ষ নেতা বিবৃতিতে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায়, আমরা সংঘাতে নয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। কিন্তু শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS