ভারতের দক্ষিণী এবং বলিউড দুই ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করছেন কাজল আগরওয়াল। এই সময়ে অসংখ্য অনুরাগীদের ভালোবাসা পেয়েছেন তিনি।তবে ভক্তদের উন্মাদনা কখনও কখনও যে ভয়ের কারণও হয়ে উঠতে পারে, সেই অভিজ্ঞতার বিষয়ে জানালেন কাজল।
অনেক বছর আগের একটি শুটিংয়ের ঘটনার কথা কাজল জানান।এক সহকারী পরিচালকের আচরণে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাঁপতে শুরু করেছিল।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কাজল জানান, একটি সিনেমার শুটিং শেষ করে তিনি নিজের কারাভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন।সেই সময় কোনও অনুমতি ছাড়াই সিনেমার এক সহকারী পরিচালক হঠাৎ কারাভ্যানে ঢুকে পড়েন। এরপর কোনও কথা না বলে নিজের শার্ট খুলে বুকে খোদাই করা ট্যাটু দেখান।কাজল জানান, ওই যুবক নিজের বুকে তার নাম খোদাই করেছিল।
কাজল জানান, একজন শিল্পী হিসেবে কেউ তার নামে ট্যাটু করিয়েছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু কোনও মহিলার ব্যক্তিগত পরিসরে অনুমতি ছাড়া ঢুকে এমন আচরণ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিনেত্রী আরও জানান, এরপর তিনি ওই সহকারী পরিচালককে স্পষ্ট ভাষায় সতর্ক করেছিলেন। জানিয়ে দেন, এ ধরনের আচরণ করলে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ পর্যন্ত দায়ের হতে পারে। এরপরই তিনি ওই ব্যক্তিকে কারাভ্যান থেকে বেরিয়ে যেতে বলেন।
কাজল মনে করেন, ভক্তদের ভালোবাসা একজন শিল্পীর কাছে অত্যন্ত মূল্যবান। কিন্তু সেই ভালোবাসারও একটি সীমারেখা থাকা উচিত। কারও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার অধিকার তার নেই।