ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ দখল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর।কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব যেন প্রশাসনিক কাজে প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
ফকির মাহবুব আনাম প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর প্ল্যান বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব সরকার হতে চাই। জনগণ যেন বুঝতে পারে তারা ভোট দিয়ে ভুল করেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে, সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টাঙ্গাইলকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।