আইসিসিবিতে পুরান ঢাকার বাহারি ইফতারের সমারোহ

আইসিসিবিতে পুরান ঢাকার বাহারি ইফতারের সমারোহ

রমজানকে কেন্দ্র করে রাজধানীর ব্যস্ততম ইভেন্ট স্পেস আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আবারও জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার। মাহে রমজানের দ্বিতীয় দিনে এখানে বিকেলে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

এ ইফতার বাজারটি গত কয়েক বছর ধরে আয়োজন করে আসছে আইসিসিবি। ঢাকার ভোক্তাদের কাছে এটি গত কয়েক বছর ধরে পরিচিত হয়ে উঠেছে।এখানে পুরান ঢাকার স্বাদে রসালো ইফতারির স্বাদ স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন এবং শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে পাওয়া যাচ্ছে, যা সাধারণ রাস্তাঘাটের বাজারের তুলনায় অনেক আরামদায়ক।

আইসিসিবির হল ৫ এ প্রায় ৩০টি স্টলে বিভিন্ন ক্যাটারিং সার্ভিস ও রেস্টুরেন্ট তাদের ইফতারির সাজসজ্জা করেছেন। এখানে পুরান ঢাকার শাহীর স্বাদে বিভিন্ন ইফতারের আইটেম যেমন কাচ্চি, তেহারি, রোস্ট কাবাব, মাটন লেগ রোস্ট, চিকেন রেশমি কাবাব, জিলাপিসহ অন্যান্য বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। অনেক স্টল নতুন আইটেমও যুক্ত করেছে এ বছর।

ইফতার বাজারের পরিবেশটি সম্পূর্ণ ধূলাবালিমুক্ত এবং এসি হল হিসেবে সাজানো হওয়ায় পরিবারের সবাই এখানে নিরাপদ ও আরামে ইফতার সংগ্রহ করছে। গাড়ি পার্কিংয়ের যথেষ্ট সুবিধা থাকায় সাধারণ ক্রেতারা যানজট এড়িয়ে সহজে বাজার করতে পারছেন।

বসুন্ধারা আবাসিক এলাকার স্থানীয় বাসিন্দা আদিবুর রহমান প্রতি রমজানেই এখান থেকে ইফতার কিনেন পরিবারের জন্য, তিনি বলেন, আমরা আইসিসিবির এ বাজারে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার এক জায়গায় পেয়েছি, সঙ্গে আরামদায়ক জায়গা থাকায় পরিবারের সবাই আনেক খুশি। 

আরেক ক্রেতা সাদিকা ইয়াছমিন বলেন, স্বাদ ও গুণমানের দিকে খেয়াল রাখা হয়েছে এবং দামও তুলনামূলক অনেক সাশ্রয়ী।

বিকেল থেকে এখানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। যারা অফিস করেন তারা অফিস শেষে পরিবারসহ এখানে এসে ইফতারির জন্য দাঁড়িয়ে খাবার কেনেন। আয়োজকদের তদারকি দল সার্বক্ষণিক খাবারের গুণগত মান, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ন্ত্রণে নজর রাখছে।

প্রায় প্রতিটি স্টল ঘুরেই দেখা গেছে বিকেল ৫টার মধ্যেই তাদের অধিকাংশ খাবার বিক্রি শেষ। বিশেষ করে দই বড়া, হালিম, বিভিন্ন রকমের কাবাবের প্রতিই ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানান দোকানিরা।

এ ইফতার বাজারটি প্রতিদিন বিকেল ৩টা থেকে ইফতারের আগ পর্যন্ত খোলা থাকবে এবং পুরো রমজান মাস জুড়েই আইসিসিবিতে চলবে এ ইফতার বাজার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS