রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শ্রেষ্ঠ কর্মকর্তা ও ইউনিটগুলোর হাতে পুরস্কার তুলে দেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জানুয়ারি মাসে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মতিঝিল বিভাগ। শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে হাজারীবাগ থানা।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ আল আমিন সরকার। শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন ভাটারা থানার এসআই মো. হাফিজুর রহমান এবং পল্টন থানার এসআই মোহাম্মদ সাইফুর রহমান। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন খিলগাঁও থানার এএসআই দেবাশীষ চক্রবর্তী ও মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান।
তিনি আরও জানান, গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-ওয়ারী বিভাগ।শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন দারুস সালাম ট্রাফিক জোনের সার্জেন্ট হারুন অর রশিদ এবং ওয়ারী ট্রাফিক জোনের সার্জেন্ট এস এম হাসান মাহমুদ।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনাররা, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।