আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে রাজধানীতে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্না (৫৩)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
সোমবার (২ ফেব্রুয়ারি) র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাব দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ ফেব্রুয়ারি ভোর রাতে র্যাব-৪ এর একটি দল তুরাগ থানার হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মুন্নাকে গ্রেপ্তার করে।পরে জিজ্ঞাসাবাদে মুন্না স্বীকার করে যে তার অবৈধ অস্ত্র তুরাগ থানার হরিরামপুরে নিজ বাংলো বাড়িতে লুকানো আছে। তার দেওয়া তথ্য মতে, সেখানে অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, উদ্ধারকৃত এসব অস্ত্র রাজধানীর তুরাগ, মিরপুর, কাফরুল, পল্লবী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন। পাশাপাশি এসব অস্ত্র ভাড়ায় বিভিন্ন পেশাদার অপরাধীদের সরবরাহ করতেন, যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন।
প্রাথমিক তদন্তে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী মুন্নার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা ও ১৭টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।