‘জন নায়াগণ’ ছিল বিজয়ের শেষ চলচ্চিত্র, যা তিনি এই বছরের তামিলনাড়ু নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মুক্তি দিতে চেয়েছিলেন। তবে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের কারণে সিনেমাটি এখনো সনদ (সার্টিফিকেট) সংকটের মধ্যে আটকে আছে। এই পরিস্থিতিতেও বিজয় সামনে তাকাচ্ছেন।
এক সাক্ষাৎকারে বিজয় এনডিটিভিকে জানান, তিনি নির্বাচনে জয়ী হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু প্রযোজক ‘জান নায়াগণ’-এর মুক্তি নিয়ে যে পরিস্থিতিতে পড়েছেন, সেটা নিয়ে তিনি দুঃখিত।
বিজয় বলেন, ‘আমি (বিজয়) চলচ্চিত্র ত্যাগ করেছি। আমার ভবিষ্যৎ এখন রাজনীতি। প্রযোজককে নিয়ে আমি দুঃখিত—কারণ, তাঁর সিনেমা এখনো মুক্তি পাচ্ছে না। আমার রাজনীতিতে প্রবেশের কারণে সিনেমাগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে, এ জন্য আমি মানসিকভাবে প্রস্তুত।’
বিজয় আরও জানান, তিনি কোভিড–পরবর্তী সময় থেকে রাজনীতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি উল্লেখ করেন, সেই সময়ের ট্র্যাজেডি তাঁর জন্য একটি সত্যিকারের ধাক্কা ছিল, যা এখনো তাঁকে ‘তাড়া করছে’।

শাহরুখ খানকে উদাহরণ হিসেবে দেখছেন বিজয়
এই সাক্ষাৎকারে বিজয় চমকে দেওয়া তথ্য দেন। তিনি জানান, বলিউড তারকা শাহরুখ খানকে অনুসরণ করেন।
বিজয় বলেন, ‘আমি শাহরুখকে অনুসরণ করি। তিনি কত সুন্দরভাবে কথা বলেন, তাঁর বক্তব্য কত সাবলীল। আমি তাঁকে দেখতাম ও ভাবতাম—কত ভালোভাবে এ মানুষটি নিজের কথা বলছেন।’ এ ছাড়া তিনি জয়ললিতাসহ সিনেমা থেকে রাজনীতিতে আসা তারকাদেরও অনুসরণ করেন বলে জানান বিজয়।
মুক্তি নিয়ে অনিশ্চয়তা
‘জন নায়াগণ’-এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভারতের সার্টিফিকেশন বোর্ড ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি কেভিয়েট (সতর্কতা) দাখিল করেছে, যাতে বোর্ডের শুনানি ছাড়া কোনো আদেশ না দেওয়া হয়।
বিজয়ের রাজনৈতিক যাত্রা ও তাঁর চলচ্চিত্রের মুক্তি—দুই দিকেই এখন নজরদারির মধ্যে রয়েছে।