News Headline :
খালেদা জিয়ার মৃত্যুতে তামিম-ইমরুলের আবেগঘন প্রতিক্রিয়া

খালেদা জিয়ার মৃত্যুতে তামিম-ইমরুলের আবেগঘন প্রতিক্রিয়া

বাংলাদেশের রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায় আজ পরিসমাপ্ত। ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সরকারপ্রধান বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কেবল রাজনৈতিক অঙ্গনেই নয়, দেশের ক্রীড়াঙ্গনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান এবং ওপেনার ইমরুল কায়েস।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তামিম ইকবাল খান লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রূহের মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

অন্যদিকে ইমরুল কায়েসও শোক প্রকাশ করে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’

এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় শোকের প্রেক্ষাপটে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ দুটি বাতিল করা হয়েছে।

ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে আয়োজন করা হবে এবং সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে জানানো হবে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল হয়ে ওঠে। দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, তিনি সংকটময় সময় পার করছেন। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS