পদ্মার গোয়ালন্দ থেকে পাকশী চ্যানেলে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ

পদ্মার গোয়ালন্দ থেকে পাকশী চ্যানেলে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পাবনার পাকশী চ্যানেল পর্যন্ত রাজবাড়ী, পাবনা ও কুষ্টিয়া জেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী হাবিব-উন-নবী মোহাম্মদ জামী ও আইনজীবী মো. আশিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ আহমেদ। এ ছাড়া নদী রক্ষা কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আইনজীবীরা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসরণ করে বালু মহাল ইজারা দিতে হবে। এ ছাড়া হাইড্রোগ্রাফিক সার্ভের পদ্মা নদী চ্যানেলের তলদেশ রক্ষা করে এবং নদীর পাড় ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে উত্তোলনযোগ্য বালুর স্থান ও পরিমাণ নির্ধারণ করে সেই সার্ভের ভিত্তিতে বালু মহাল ঘোষণা করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

এর আগে ২০২২ সালে রাজবাড়ী বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফরিদ হাসান মাহাদীসহ ৫ জন এ রিট করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS