News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
হাতিরঝিলের টাওয়ার থেকে নেমেছেন নারী, হাঁপ ছেড়েছে পুলিশ–ফায়ার সার্ভিস

হাতিরঝিলের টাওয়ার থেকে নেমেছেন নারী, হাঁপ ছেড়েছে পুলিশ–ফায়ার সার্ভিস

রাজধানীর হাতিরঝিলে পানির মধ্যে গড়ে তোলা কয়েক শ ফুট উঁচু একটি বিদ্যুতের টাওয়ারের মাথায় উঠে পড়েছিলেন এক নারী। উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ পরিবাহী বেশ কয়েকটি তার গেছে ওই টাওয়ার দিয়ে। বিদ্যুতের ওই সব লাইন গুরুত্বপূর্ণ হওয়ায় সেগুলো বন্ধ করারও উপায় ছিল না।

এ পরিস্থিতিতে ওই নারীকে নিয়ে বেকায়দায় পড়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘণ্টা তিনেক অনুনয়–বিনয়ের পর ওই নারী নিজেই টাওয়ার থেকে নিচে নামেন। পরে তাকে নৌকায় করে হাতিরঝিলের মাঝখান থেকে পাড়ে আনা হয়। ওই নারীর নাম খুকুমনি (৫৫)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনার শুরু আজ শুক্রবার দুপুরে, আর শেষ হয়েছে সন্ধ্যার আগে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন থানায় ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে রওনা হন। তার আগে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।

বিদ্যুতের টাওয়ারটি মধুবাগ সেতুর পাশে হাতিরঝিলের মাঝখানে। তাই পুলিশের সদস্যরা একটি নৌকা নিয়ে সেখানে পৌঁছান। এরপর হ্যান্ডমাইক দিয়ে ওই নারীকে নিচে নেমে আসার অনুরোধ করেন তাঁরা।

আওলাদ হোসেন বলেন, ওই নারী হাতিরঝিলে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে সাঁতরে টাওয়ারে গিয়ে ওঠেন। এরপর বেয়ে বেয়ে টাওয়ারের ওপরে ওঠেন। পুলিশ নিচে নেমে আসতে বললে ওই নারী বলেন, তিনি নিজের ইচ্ছায় ওপরে উঠেছেন। তাঁর যেখানে খুশি সেখানে যাবেন।

বিদ্যুতের টাওয়ারটি দিয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তার যাওয়ায় সেটিতে ওঠা যাচ্ছিল না জানিয়ে ওসি বলেন, সে কারণে বিদ্যুৎ বিভাগের কর্মীদের খবর দেওয়া হয়। তাঁরা জানান, এটি গুরুত্বপূর্ণ লাইন হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করা সম্ভব নয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে নিচে নেমে আসতে অনুরোধ করতে থাকেন। শেষমেশ মন গলে ওই নারীর। তিনি নিজেই আস্তে আস্তে নিচে নেমে আসেন। পরে নৌকায় করে তাঁকে ডাঙায় নিয়ে আসা হয়। তিনি এখন হাতিরঝিল থানা–পুলিশের হেফাজতে আছেন।

হাতিরঝিল থানার ওসি বলেন, ওই নারীর সঙ্গে কথা বলে জানা গেছে তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। তাঁর বাবা মৃত আলালউদ্দিন। আর স্বামীর নাম আইয়ুব আলী। এ ছাড়া আর কোনো তথ্য জানাতে পারেননি তিনি। তাঁর ঠিকানা খুঁজে বের করতে মুন্সিগঞ্জ থানা–পুলিশকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS