কমোডিটি এক্সচেঞ্জ শিগগিরই চালু হবে: তানভীর গনি

কমোডিটি এক্সচেঞ্জ শিগগিরই চালু হবে: তানভীর গনি

কমোডিটি এক্সচেঞ্জ শিগগিরই চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।

বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয় পরিদর্শনকালে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।তিনি সিএসই কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।  

তানভীর গনি কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য সিএসই’র প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন।তিনি বলেন, আমাদের আমদানি নির্ভর অর্থনীতিতে আমদানিকারকদের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য হেজিং দরকার হয়। এ ক্ষেত্রে কমোডিটি এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
অনুষ্ঠানে জানানো হয়, হেজিং হলো বিনিয়োগ বা ব্যবসায়িক লেনদেনে সম্ভাব্য আর্থিক ঝুঁকি বা লোকসান কমানোর একটি কৌশল। এটি মূলত বীমার মতো কাজ করে।যেখানে মূল বিনিয়োগের বিপরীতে এমন একটি পজিশন নেওয়া হয় যাতে বাজারের দরপতন হলেও লোকসান কমানো সম্ভব হয়। বড় ক্ষতি থেকে রক্ষা করে।

অর্থমন্ত্রীর বরাত দিয়ে তানভীর গনি বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ডিরেগুলেশন করতে হবে। কথায় কথায় নিয়ন্ত্রক সংস্থার কাছে যেতে হবে না। ডিরেগুলেশনের জন্য এ সরকার কাজ করছে। 

মিউচুয়াল ফান্ড সক্রিয়করণের উপরও জোর দিয়ে তিনি বলেন, ইকুইটি মার্কেটের বিনিয়োগকারীদের মধ্যে আর্থিক স্বাক্ষরতার (ফাইন্যান্সিয়াল লিটারেসি) ব্যাপক ঘাটতি রয়েছে। তিনি কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট সম্পর্কে সিএসইর বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী, ট্রেনিং, ওয়ার্কশপ প্রভৃতি আয়োজনের প্রশংসা করেন। 

তানভীর গনি বলেন, কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস ট্রেডিংয়ের জন্য উচ্চ পর্যায়ের ফিন্যান্সিয়াল লিটারেসি দরকার। তবে আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নিউ অ্যাসেট ক্লাস চালুর জন্য সিএসই প্রস্তুত। কমোডিটি এক্সচেঞ্জের ওপর এখন আলোকপাত করতে হবে। এ ক্ষেত্রে সিএসইর বিকল্প নেই। 
অনুষ্ঠানে সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, আমরা কমোডিটি এক্সচেঞ্জের ব্রোকার এবং কমোডিটির অনুমোদন প্রাপ্তির অপেক্ষায় রয়েছি। আপনার সময়োপযোগী নেতৃত্ব সিএসইর প্রত্যাশা পূরণে গতিশীল ভূমিকা রাখবে। 

সভার শুরুতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার সিএসইর বাজারচিত্রসহ এক্সচেঞ্জের সার্বিক পরিচিতি তুলে ধরেন। কমোডিটি এক্সচেঞ্জের জন্য কারিগরি প্রস্তুতির বিষয়টি উপস্থাপন করেন মহাব্যবস্থাপক ও আইটি বিভাগের প্রধান মেজবাহ উদ্দিন।
সিএসইর সহকারী মহাব্যবস্থাপক মো. ফয়সাল হুদা কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জের বিষয়টি বিশদরূপে উপস্থাপন করেন। এ সময় সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, নাজনীন সুলতানা ও শাহজাদা মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS