অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারিয়ে সিনিয়র হকি দলের বড় জয়

অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারিয়ে সিনিয়র হকি দলের বড় জয়

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এক প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২০ জাতীয় দলকে ৯-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল।

ম্যাচের শুরু থেকেই পাসিং ও দারুণ আক্রমণাত্মক কৌশলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে সিনিয়র দল।ম্যাচের সেরা পারফর্মার আশরাফুল ইসলাম একাই করেন চারটি গোল। এছাড়া আমিরুল ইসলাম, রাকিবুল হাসান রকি, দ্বীন ইসলাম ইমন, মাহবুব হোসেন এবং রাসেল মাহমুদ জিমি একটি করে গোল করেন।অন্যদিকে, বড় ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া অনূর্ধ্ব-২০ দলের হয়ে শেষ দিকে দুটি সান্ত্বনাসূচক গোল শোধ করেন তরুণ ফরোয়ার্ড অভি।

খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা, দুর্বলতা চিহ্নিতকরণ এবং কৌশল পর্যবেক্ষণে ম্যাচটি দুই দলের কোচের জন্যই গুরুত্বপূর্ণ ছিল।তবে জয় বা গোলের বড় ব্যবধান তৈরি করা সিনিয়র দলের মূল উদ্দেশ্য ছিল না বলে জানান দলের ফরোয়ার্ড মাইনুল ইসলাম। তাদের মূল লক্ষ্য আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতি।

মাইনুল বলেন, ‘শুরু থেকেই কোচ আমাদের বেশি করে পেনাল্টি কর্নার আদায়ের নির্দেশ দিয়েছিলেন। আমাদের পেনাল্টি কর্নার স্পেশালিস্টরা খুব ভালো পারফর্ম করেছেন এবং লক্ষ্য পূরণ করেছেন। ম্যাচের আগেই কোচ বলেছিলেন গোলের ব্যবধান বড় কথা নয়, আসল উদ্দেশ্য হলো পেনাল্টি কর্নার বের করা এবং তা থেকে গোল আদায় করে এশিয়ান গেমসের জন্য তৈরি হওয়া। জুনিয়রদের বিপক্ষে কয়টি গোল হলো, তা আমাদের কাছে মুখ্য নয়।’

দলের বর্তমান অনুশীলন নিয়ে তিনি আরও জানান, ‘আমরা অনুশীলনে যা যা নিয়ে কাজ করছি, তা মাঠে প্রয়োগ করা সম্ভব হচ্ছে এবং কোচ এতে বেশ সন্তুষ্ট। ম্যাচ শেষের পর্যালোচনা ও ভিডিও সেশনের মাধ্যমে আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে, যাতে মাঠে একই ভুল না হয়। এই বিষয়গুলো পরবর্তী ম্যাচগুলোর জন্য আমাদের দারুণভাবে প্রস্তুত করছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS