পাইপলাইনে লিকেজের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের ২ ও ৩ নম্বর টার্মিনালে যাতায়াতে বিঘ্ন ঘটেছে। পরিস্থিতির কারণে এসব টার্মিনালে সড়কপথে প্রবেশ ও বের হওয়া আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের কেন্দ্রীয় টার্মিনাল এলাকায় পানি জমে যাওয়ায় টার্মিনাল ২ ও ৩-এ সড়কপথে যাতায়াত করা যাচ্ছে না। যাত্রীদের এসব টার্মিনালে যেতে বা সেখান থেকে ফিরতে রেল ও টিউব (পাতালরেল) ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
টার্মিনালের গাড়ি পার্কিং এলাকাগুলোতেও প্রবেশে বিঘ্ন ঘটেছে। ফলে সেখানে গাড়ি রেখে যাওয়া যাত্রীরা নিজেদের গাড়িতে পৌঁছাতে পারছেন না।
হিথ্রো বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, আমাদের দলগুলো যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে, সে জন্য আমরা দুঃখিত।পাইপের লিকেজ মেরামতের কাজ চলছে।
স্কুলের গ্রীষ্মকালীন ছুটির সময়ে এই ভোগান্তি শুরু হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগ তৈরি করেছে। এই সময়টি হিথ্রোর অন্যতম ব্যস্ত মৌসুম।
হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ জুলাই চলতি বছরে এখন পর্যন্ত বিমানবন্দরটির সবচেয়ে ব্যস্ত দিন ছিল। ওই দিন ২ লাখ ৬৭ হাজারের বেশি যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেন। ওই সময় যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ায় যাত্রীর সংখ্যা বেড়ে যায়।
এর আগে পানির পাইপ লিকেজের কারণে একটি টানেল বন্ধ হয়ে যাওয়ায় হিথ্রো বিমানবন্দরের রেল যোগাযোগেও বিঘ্ন ঘটেছিল।
বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিথ্রোতে প্রতিদিন সর্বোচ্চ প্রায় ১ হাজার ৩০০টি ফ্লাইটের ওঠানামা হয়।
সর্বশেষ ভোগান্তির কথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর উদ্বিগ্ন যাত্রীদের কাছ থেকে একের পর এক প্রশ্ন ও অভিযোগ আসতে থাকে।
এক যাত্রী জানতে চান, আমাদের কি টার্মিনাল ৪ বা ৫-এ গিয়ে যাত্রীদের সঙ্গে দেখা করতে হবে? পরিস্থিতি কখন স্বাভাবিক হবে?
জবাবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের টার্মিনাল ৫-এর ‘মিট অ্যান্ড গ্রিট’ এলাকায় যেতে এবং বন্যার কারণে তাদের বুকিংয়ে প্রভাব পড়েছে, এ কথা সংশ্লিষ্ট কর্মীদের জানাতে।
আরেক যাত্রী জানান, তিনি কিছুক্ষণের মধ্যে টার্মিনাল ৩ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েকে নিতে যাবেন। মেয়েটি হুইলচেয়ারে ভ্রমণ করেছে। তিনি জানতে চান, কীভাবে সেখানে পৌঁছাবেন।
জবাবে হিথ্রো কর্তৃপক্ষ জানায়, বর্তমানে টার্মিনাল ৩-এ সড়কপথে প্রবেশের সুযোগ না থাকায় সেখানে গাড়ি পার্ক করা সম্ভব নয়। যাত্রীকে টার্মিনাল ৪ বা ৫-এ গাড়ি রেখে সেখান থেকে টার্মিনাল ৩-এ যেতে হবে। হুইলচেয়ারে থাকা যাত্রীকে নিয়ে গাড়িতে ফেরার সর্বোত্তম উপায় জানাতে টার্মিনালে সহায়তা কর্মীরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান