বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য ওয়ানডে সিরিজের ফলের ওপর। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে র্যাংকিংয়ের লড়াইয়ে টিকে থাকতে হবে বাংলাদেশকে।এদিকে, আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে নবম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফগানিস্তান।
বর্তমানে র্যাংকিংয়ে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ।দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে বিশ্বকাপে খেলবে এবং র্যাংকিংয়েও শীর্ষ আটের মধ্যে থাকায় তাদের জায়গাটি হিসাবের বাইরে চলে যাচ্ছে। ফলে র্যাংকিংয়ের নবম দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।
তবে এই সমীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের ভূমিকা। আগামী ৩০ সেপ্টেম্বরের কাটঅফের আগে ওয়েস্ট ইন্ডিজের ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে।সেই সিরিজের ফল বাংলাদেশের অবস্থান বদলে দিতে পারে।
বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির জায়গা হবে ভারত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হারানো। ভারত যদি সিরিজটি জিতে নেয়, তাহলে বাংলাদেশ বর্তমান অবস্থান ধরে রেখে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারে।
অন্যদিকে ভারত-বাংলাদেশ সিরিজটি হওয়ার কথা থাকলেও দুই দেশের রাজনৈতিক টানাপড়েনে সেটি এখনো অনিশ্চিত। কাটঅফের আগে ওই সিরিজ মাঠে গড়ালে বাংলাদেশ নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ পাবে। বিশেষ করে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ভালো ফল করতে পারলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথ অনেকটাই সহজ হয়ে যাবে।
তবে ভারত সিরিজ শেষ পর্যন্ত না হলে বাংলাদেশের নজর থাকবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ জয় পেলে র্যাংকিংয়ে বাংলাদেশের ওপর চাপ তৈরি হবে। অর্থাৎ নিজেদের ম্যাচের পাশাপাশি অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।
২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার দৌড়ে তাই বাংলাদেশের সামনে এখন দুটি পথ ভারতের বিপক্ষে সম্ভাব্য সিরিজে নিজেদের অবস্থান শক্ত করা অথবা ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্যারিবীয়দের পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকা।