রাজধানীর সবুজবাগে এক নারীর খণ্ডিত মাথা ও পলিথিনে মোড়ানো বাহু থেকে বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।লাশের বাকি অংশের সন্ধান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনার রহস্য উদঘাটন ও নিহতের পরিচয় শনাক্তে তদন্তও জোরদার করা হয়েছে।
জানা গেছে, উদ্ধার হওয়া খণ্ডিত লাশের মাথায় থাকা চুলে সোনালি রং ও ক্লিপ লাগানো ছিল। হাতে ছিল ট্যাটু আঁকা আর কানে ছিল সোনালি রঙের দুল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সবুজবাগের বাগানবাড়ি এলাকার একটি কালভার্টের উত্তর পাশের নালায় ময়লার স্তূপের ওপর নারীর খণ্ডিত মাথা দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে সবুজবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খণ্ডিত মাথার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় বাহু থেকে বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করা হয়েছে। মাথা দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, ভুক্তভোগী একজন নারী।
তিনি বলেন, লাশের বাকি অংশ– দুই পা ও শরীরের পুরো অংশ উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর চাপাতি বা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে মরদেহ গুমের উদ্দেশ্যে ফেলে রেখে গেছে।
ওসি জানান, লাশে পচন ধরায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে।
অন্য এক পুলিশ সদস্য বলেন, নিহত নারীর লাশ কোথায়, কীভাবে পাওয়া গেল– সবকিছুর বিবরণ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হবে, কানের দুল পর্যন্ত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বলেন, খণ্ডিত লাশের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।