রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড তাজা কার্তুজসহ সর্বহারা পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান এতথ্য জানান।এ সময় র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তাররা হলেন- মো. মোমিন মোল্লা ও হাসান আলী বিশ্বাস।
আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. মোমিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, মোমিন মোল্লা সৌদি আরবপ্রবাসী।প্রায় এক মাস আগে তিনি দেশে এসেছিলেন এবং আগামী ১৩ আগস্ট তার আবার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তার কাছ থেকে উদ্ধার হওয়া স্টার্লিং সাবমেশিনগানটি অত্যন্ত বিরল (রেয়ার) অস্ত্র।
অন্য একটি অভিযানের বিষয়ে আসাদুজ্জামান জানান, একইদিন রাত সোয়া ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসান আলী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সর্বহারা পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছেন বলে জানান আসাদুজ্জামান। তিনি বলেন, তারা সর্বহারা পার্টির মঞ্জু-জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে যুক্ত। ওই গ্রুপের নেতা মঞ্জু-জাহাঙ্গীরকে গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, ব্যবহার এবং তাদের সহযোগীদের শনাক্ত করতে গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব-১০ এর এই কর্মকর্তা।