৫.৪৩ মিটার লাফে থামলেন স্বপ্না, শেষ হলো দেশের অ্যাথলেটিকস অভিযান

৫.৪৩ মিটার লাফে থামলেন স্বপ্না, শেষ হলো দেশের অ্যাথলেটিকস অভিযান

গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে নারীদের লং জাম্পে মৌসুমের সেরা পারফরম্যান্স করেও ফাইনালে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের অ্যাথলেট মোসাম্মৎ স্বপ্না খাতুন।

শুক্রবার (৩১ জুলাই) স্কটস্টাউন স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইপর্বের গ্রুপ-‘এ’-তে স্বপ্না ৫.৪৩ মিটার লাফিয়ে ১১তম স্থান অর্জন করেন।এটি ছিল চলতি মৌসুমে তার সেরা (সিজন বেস্ট) পারফরম্যান্স। তবে ফাইনালে ওঠার জন্য প্রয়োজনীয় দূরত্বের ধারে-কাছেও পৌঁছাতে পারেননি তিনি।

এই গ্রুপে সেরা পারফরম্যান্স করেন স্বাগতিক ইংল্যান্ডের জ্যাজমিন সয়ার্স। তিনি ৬.৮০ মিটার লাফিয়ে সরাসরি ফাইনালে জায়গা নিশ্চিত করেন।তারই স্বদেশি লুসি হ্যাডাওয়ে ৬.৭৭ মিটার লাফিয়ে দ্বিতীয় হন। এছাড়া সাইপ্রাসের ফিলিপা ফোটোপুলু ৬.৫৬ মিটার, অস্ট্রেলিয়ার ডেল্টা অ্যামিডজভস্কি ৬.৫৫ মিটার এবং কানাডার ইভানা গুডরোস ৬.৫০ মিটার লাফিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নেন।

স্বপ্নার ৫.৪৩ মিটারের লাফ তাকে গ্রুপে ১১তম স্থানে রাখে। এটি তার মৌসুমের সেরা পারফরম্যান্স হলেও আন্তর্জাতিক মানের কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফাইনালে ওঠার জন্য তা যথেষ্ট ছিল না।

স্বপ্নার বিদায়ের মধ্য দিয়ে গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে বাংলাদেশের সব প্রতিযোগীর অভিযান শেষ হলো। কয়েকজন অ্যাথলেট ব্যক্তিগত সেরা কিংবা মৌসুমের সেরা পারফরম্যান্স দেখালেও এবারও ফাইনালে ওঠা কিংবা পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS