চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে আসে।
মিছিলে তারা ‘গুপ্তদের আস্তানা, ভেঙে দাও’, ‘গুপ্তগিরির দিন শেষ, সবার আগে বাংলাদেশ’, ‘রাজাকারদের ঠিকানা, এই ক্যাপাসে হবে না’, ‘জামায়াত-শিবির, গুপ্ত’, ‘শিক্ষা, শিবির, একসঙ্গে চলে না’, ‘গুপ্ত রাজনীতি, চলবে না’,’চট্টগ্রামে হামলা কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দেন।
মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মাছুম ববিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ দলের একাধিক নেতা উপস্থিত ছিলেন।