কর্মসংস্থান বাড়াতে বেসরকারি বিনিয়োগের আহ্বান পাট প্রতিমন্ত্রীর

কর্মসংস্থান বাড়াতে বেসরকারি বিনিয়োগের আহ্বান পাট প্রতিমন্ত্রীর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। সাক্ষাৎকালে বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি ও উৎপাদন খাতকে বেগবান করতে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকার দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আগামীতে দেশি-বিদেশি বিনিয়োগকারীর মাধ্যমে বন্ধ থাকা মিল চালু করতে চাচ্ছে সরকার।তাই মন্ত্রণালয় আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশ থেকে বিনিয়োগ আনতে উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে।’

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, এখন পর্যন্ত যারা মিল লিজ নিয়েছেন, সেখানে অনেক পরিমাণে জমি পড়ে আছে।অব্যবহৃত জমিতে বেশি করে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের সাথে কর্মসংস্থান বাড়াতে হবে। এতে দেশে উৎপাদন খাত শক্তিশালী হবে—যা অর্থনীতির জন্য সহায়ক হবে।

এসময় আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী পাটশিল্পের উন্নয়নে সরকারের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং বন্ধ মিল চালু করার টেন্ডার প্রক্রিয়ারও ইতিবাচক মত জানান।

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের অধীনে থাকা ২৫টি পাটকলের কার্যক্রম ২০২০ সালে বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০টি মিল লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, এর মধ্যে ১৪টি মিল ইতোমধ্যে লিজ দেওয়া হয়েছে। তার মধ্যে চালু থাকা ৯টি মিলে দৈনিক প্রায় ১০০ মেট্রিক টন পণ্য উৎপাদন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS