লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত নাগরিকের নাম মিজ দিপালী।শুক্রবার (১০ এপ্রিল) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, লেবানন প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা মিজ দিপালী, (পাসপোর্ট নম্বর: EK 0024191) বাবা: শেখ মোফাজ্জল, মা: রোজিনা খাতুন, ঠিকানা: চর শালেপুর, চর হাজিগঞ্জ, চর ভদ্রাসন, ফরিদপুর গত ৮ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরায়েলের ভয়াবহ এয়ার স্ট্রাইক হামলায় নিহত হয়েছেন।
বাংলাদেশ দূতাবাস, বৈরুত রেমিট্যান্সযোদ্ধা মরহুমা দিপালীর মৃত্যতে গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
উল্লেখ্য, প্রাথমিক তথ্য অনুসারে একই আক্রমণে মরহুমা দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এসব তথ্য পাওয়া গেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মরহুমার লাশ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। লাশের অবস্থা জানতে দূতাবাসের পক্ষ হতে যোগাযোগ চলছে।