শিল্পোদ্যোক্তাদের অনুরোধের প্রেক্ষিতে দেশের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে সালফিউরিক এসিড আমদানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ কামাল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্প খাতে উৎপাদন অব্যাহত রাখা এবং সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে, সালফিউরিক এসিড ফসফেট সার উৎপাদনের একটি প্রধান উপাদান হওয়ায় এর আমদানি নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে সার উৎপাদনে কাঁচামালের ঘাটতি দূর হবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
সরকারের এই সিদ্ধান্ত শিল্প ও কৃষি উভয় খাতেই ইতিবাচক প্রভাব ফেলবে এবং সামগ্রিকভাবে অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।