আকস্মিক বাজার পরিদর্শনে ক্রেতা ও বিক্রেতাদের দ্রুত ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি উন্নত করার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরেজমিন রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।
এসময় তিনি বাজারের ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপণন পরিস্থিতির খোঁজখবর নেন। উপস্থিত ক্রেতাদের সাথেও তিনি কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
খুচরা বিক্রেতারা জানান, তারা চাহিদা দিয়ে তেলের সরবরাহ কম পাচ্ছেন।বাজারে ৫ লিটারের সরবরাহ একেবারে কম। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে।
ক্রেতারা জানান, বোতলজাত সয়াবিন বাজারে কম তবে দাম বাড়েনি। খুচরা বিক্রেতারা আরও জানান বিভিন্ন তেল কোম্পানির ডিলার তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন।