সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি ৫০ লাখ টাকার অরেঞ্জ বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটি ১ থেকে ৩ বছর মেয়াদি নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল, আনসিকিউরড, অরেঞ্জ জিরো কুপন বন্ড।
সোমবার (৩০ মার্চ) বিএসইসির ১০০৬তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা।
এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে সাজেদা ফাউন্ডেশন সম্পূর্ণরূপে তাদের মাইক্রোফাইন্যান্স পোর্টফোলিও শক্তিশালী ও সম্প্রসারণে ব্যবহার করবে। অরেঞ্জ বন্ডটির মাধ্যমে উত্তোলিত অর্থ বিশেষভাবে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি সেবা বৃদ্ধি এবং সর্বোপরি নারী ক্ষমতায়নের জন্য ব্যবহৃত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অরেঞ্জ বন্ডটির মাধ্যমে উত্তোলিত অর্থ আন্তর্জাতিক মান পরিপালন করে ব্যবহার করা হবে বলে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) সেকেন্ড পার্টি মতামত (এসপিও) দিয়েছে।বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।