নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি আইআরজিসির

নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি আইআরজিসির

ইরান নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, সাম্প্রতিক অভিযানের ২৫তম ধাপে এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আইআরজিসির সংক্ষিপ্ত এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক সহায়তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানে হাইপারসনিক ‘ফাতাহ’ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ‘এমাদ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে চলতে সক্ষম। ঘণ্টায় প্রায় ৬ হাজার ১৭৪ কিলোমিটার বা ৩ হাজার ৮৩৬ মাইল বেগে এটি ছুটতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার কিছুক্ষণ আগে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ ব্যবস্থা এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS