রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদকে মারধরের ঘটনায় জড়িত পুলিশের চার সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ভুল বোঝাবুঝির কারণে পুলিশের লাঠিপেটায় কয়েকজন আহত হন। এ ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চারজন পুলিশ সদস্যকে প্রাথমিকভাবে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ডিসি মাসুদ আলম জানান, অভিযানের সময় অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় জড়িত অতি উৎসাহী পুলিশ সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, তদন্তে যাদের দোষী হিসেবে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।