এশিয়ান গেমস বাছাইপর্বের লক্ষ্য সামনে রেখে পুরুষ হকি দলের প্রস্তুতি শুরু

এশিয়ান গেমস বাছাইপর্বের লক্ষ্য সামনে রেখে পুরুষ হকি দলের প্রস্তুতি শুরু

এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশ পুরুষ হকি দল। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে এশিয়ান গেমস বাছাইপর্বকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প।

প্রথম দিনেই খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে শুরু হয়েছে এই প্রস্তুতির আনুষ্ঠানিকতা।

পল্টনের জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে অনুষ্ঠিত হয় খেলোয়াড়দের ‘কুপার টেস্ট’।

প্রাথমিক তালিকায় থাকা ৩৭ জনের মধ্যে ৩৬ জন খেলোয়াড় এই ফিটনেস পরীক্ষায় অংশ নেন। বিকেল ৩টা থেকে শুরু হওয়া টেস্টে খেলোয়াড়দের চারটি আলাদা গ্রুপে ভাগ করে পরীক্ষা নেওয়া হয়। পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন ক্যাম্পের কোচ এম আশিকুজ্জামান।

ফিটনেস পরীক্ষার পর প্রথম দিনের সূচি শেষ হয়নি সেখানেই।খেলোয়াড়রা পরে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গিয়ে প্রায় এক ঘণ্টার মাঠ অনুশীলনে অংশ নেন। শারীরিক সক্ষমতার পাশাপাশি মাঠের সঙ্গে মানিয়ে নেওয়ার দিকেও শুরু থেকেই গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

আগামী ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ওমানের মাস্কটে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস বাছাইপর্ব। প্রতিযোগিতার ভেন্যু ও আবহাওয়ার সঙ্গে আগে থেকেই খাপ খাইয়ে নিতে ২২ মার্চ বাংলাদেশ দলের ওমান যাত্রার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

ক্যাম্পের প্রথম দিন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান। 

তিনি জানান, এই বাছাইপর্ব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অংশগ্রহণের কোনো বিকল্প নেই। তবে এখনো অংশগ্রহণকারী দেশগুলোর চূড়ান্ত তালিকা হাতে না আসার কথা জানিয়ে তিনি বলেন, মাসের মাঝামাঝি সময়ে বিষয়টি পরিষ্কার হবে বলে আশা করছেন।

এদিকে আন্তর্জাতিক আসর ঘিরে ফেডারেশনের সক্রিয়তা থাকলেও দীর্ঘদিন ধরে ঘরোয়া লিগ না হওয়া নিয়ে সমালোচনাও রয়েছে। এই প্রসঙ্গে রিয়াজুল হাসান দায় চাপান ক্লাবগুলোর ওপর।যদিও অনেকের মতে, ক্লাবগুলোকে সংগঠিত করে নিয়মিত লিগ আয়োজনের দায়িত্ব ফেডারেশনেরই, আর সে জায়গায় বর্তমান কমিটির ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।

চলতি ক্যাম্পে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রাখার চেষ্টা করা হয়েছে। সাবেক অধিনায়ক পুষ্কর খিসা মিমোসহ নাঈম উদ্দিন, মাইনুল ইসলাম কৌশিক ও মাহবুব হোসেনের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা ফিরেছেন দলে। পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে কয়েকজন অনূর্ধ্ব-২১ খেলোয়াড়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিনিয়র খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নিয়ে রিয়াজুল হাসান স্পষ্ট করেন, তাদের কখনোই ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়নি। বরং আগের আসরে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গিয়েছিলেন তারা। তার ভাষ্য, এই মুহূর্তে অভিজ্ঞদের পুরোপুরি বাদ দেওয়ার সময় আসেনি, তবে ফিটনেসের জায়গায় তাদের আরও সচেতন হতে হবে।

ক্যাম্পের কোচ এম আশিকুজ্জামানও স্বীকার করেছেন, দীর্ঘদিন ঘরোয়া ম্যাচ না থাকায় খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। আন্তর্জাতিক পর্যায়ে যে উচ্চমানের শারীরিক সক্ষমতা প্রয়োজন, এখনো সে স্তরে পৌঁছানো যায়নি বলে জানান তিনি। তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই উন্নতি হবে বলে আশাবাদী কোচ।

প্রায় ৪০ দিনব্যাপী এই প্রস্তুতি ক্যাম্প থেকে সেরা প্রস্তুতি নিয়েই বাছাইপর্বে মাঠে নামতে চায় বাংলাদেশ। লক্ষ্য একটাই এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS