জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে লাল টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ শুনেছেন ঢাকার কূটনীতিকরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তারা জাদুঘর পরিদর্শনকালে এই ফোনালাপ শোনেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘ সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার অফিসকে জুলাই জাদুঘর পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। সে অনুযায়ী ঢাকার বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, সিডিএ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের সংস্থাগুলোর প্রধানরা জুলাই জাদুঘর পরিদর্শন করেন।
বিদেশি কূটনীতিকরা জাদুঘর ঘুরে দেখেন। এ সময় ঢাকার কয়েকজন বিদেশি কূটনীতিক লাল টেলিফোনের নম্বর চেপে শেখ হাসিনার কণ্ঠ শোনেন।
জুলাই জাদুঘরের অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন হলো সেখানে সংরক্ষিত রেড টেলিফোনটি, যেখানে শেখ হাসিনার ফোনালাপের অডিও রেকর্ড রাখা হয়েছে। দর্শনার্থীরা বোতাম চাপলে সরাসরি ওই ফোনালাপ শুনতে পারেন।
জুলাই জাদুঘর পরিদর্শনকালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
এর আগে গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাদুঘর পরিদর্শন করেন। সেসময় তার সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপির নেতাসহ জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।