পাঁচ সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ!

পাঁচ সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ!

বলিউডে শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের জুটি মানেই যেন আলাদা এক মুগ্ধতা। ‘দেবদাস’, ‘মহব্বতে’র মতো সিনেমায় তাদের অনস্ক্রিন রসায়ন আজও দর্শকের মনে গেঁথে আছে।তবে জানেন কি, একটা সময় শাহরুখের সঙ্গে একের পর এক সিনেমা হাতছাড়া হয়েছিল ঐশ্বরিয়ার?

ঘটনাটি বলিউডের অন্যতম আলোচিত অধ্যায়। জানা যায়, শাহরুখ খানের প্রযোজনায় তৈরি হতে যাওয়া প্রায় পাঁচটি সিনেমা থেকে বাদ পড়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।আর এর পেছনে ছিল তার তৎকালীন ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের প্রভাব।

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘চলতে চলতে’ সিনেমার জন্য প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া।শাহরুখ খানের বিপরীতে তাকেই ভাবা হয়েছিল। কিন্তু শুটিং শুরুর কিছুদিন পরই হঠাৎ সিনেমা থেকে সরে যেতে হয় তাকে।তার জায়গায় যুক্ত হন রানী মুখার্জি।

সেই সময় ঐশ্বরিয়ার সঙ্গে সালমান খানের সম্পর্কের টানাপোড়েন চলছিল। বিভিন্ন গুঞ্জন ও প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সালমান ‘চলতে চলতে’র সেটে গিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। এতে শুটিং ব্যাহত হওয়ার পাশাপাশি পুরো টিমের ওপরও মানসিক চাপ তৈরি হয়েছিল বলে খবর প্রকাশিত হয়।

পরে সালমান ও ঐশ্বরিয়া দুজনেই শাহরুখের কাছে ক্ষমা চেয়েছিলেন বলে জানা যায়। কিন্তু ততক্ষণে নির্মাতা ও প্রযোজকদের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ফলে আর ঝুঁকি নিতে চাননি তারা।

ঘটনার প্রভাব নাকি সেখানেই থেমে থাকেনি। প্রখ্যাত সঞ্চালক সিমি গারেওয়ালের চ্যাট শোতে এসে ঐশ্বরিয়া নিজেই জানিয়েছিলেন, শাহরুখ খানের সঙ্গে তার অন্তত পাঁচটি সিনেমা হাতছাড়া হয়েছিল।

‘চলতে চলতে’র পাশাপাশি সেই তালিকায় ছিল ‘বীর-জারা’ ও ‘কাল হো না হো’র মতো সিনেমার নামও।

নিজের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘কিছু সিনেমা ছিল যা তিনি আমার সাথেই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কোনো স্পষ্ট কারণ ছাড়া আমাকে সিনেমাগুলো থেকে সরিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তটি আমার ছিল না। এমন পরিস্থিতিতে যে কেউ অবাক ও মানসিক আঘাত পাবে, আর আমিও সেটাই পেয়েছিলাম।’

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন শাহরুখ খান। তিনি স্বীকার করেন, ঐশ্বরিয়াকে এভাবে সিনেমা থেকে বাদ দেওয়া সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। এমনকি এ ঘটনার জন্য অভিনেত্রীর কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি।

শাহরুখের ব্যাখ্যা ছিল, একক প্রযোজক হিসেবে সব সিদ্ধান্ত তার হাতে ছিল না। তার সঙ্গে ইউটিভিসহ আরও ১০-১১ জনের একটি টিম যুক্ত ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রায় তিন-চার মাসে শুটিং শেষ করার চাপও ছিল। সেই পরিস্থিতিতে কোম্পানির সুনাম ও সম্ভাব্য ক্ষতি এড়াতেই যৌথভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

তবে সেই ধাক্কায় থেমে যাননি সাবেক এই বিশ্বসুন্দরী। বরং নিজের মেধা, ব্যক্তিত্ব ও অভিনয় দিয়ে ধীরে ধীরে নিজের জায়গা আরও শক্ত করেছেন ঐশ্বরিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS