বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টকে মার্নাস লাবুশেনের জন্য ‘শেষ সুযোগ’ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা মার্ক ওয়াহ। দীর্ঘদিন ধরে সেঞ্চুরি না পাওয়া এই ব্যাটারের জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে।
ওয়াহর মতে, এই টেস্টেও ব্যর্থ হলে দক্ষিণ আফ্রিকা সফরে দলে তার জায়গা হারানোর শঙ্কা আছে।
৩২ বছর বয়সী লাবুশেন প্রায় তিন বছর ধরে টেস্টে সেঞ্চুরি পাননি।বাংলাদেশের বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টে করেন ১ ও ৩১ রান। ম্যাকাইয়ে প্রথম ইনিংসেও তার ব্যাট থেমেছে মাত্র ৪ রানে।
ম্যাচের আগে নিজের ফর্ম নিয়ে লাবুশেন বলেন, একটি ইনিংসই বদলে দিতে পারে সবকিছু।
লাবুশেন জানান, ‘আমরা সবাই খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছি।শুধু একটি ইনিংসই লাগে, আর সেটিই সবকিছু ঘুরিয়ে দিতে পারে।’
মার্ক ওয়াহ বিষয়টিকে আরও কঠোরভাবে দেখছেন।
তিনি বলেন, ‘আমি মনে করি, এটাই তার শেষ সুযোগ। একটা পর্যায়ে বলতে হবে, মার্নাস, এখন না হলে কখনোই নয়। আর আমি মনে করি, এটাই সেই সময়।’
ফলে বাংলাদেশের বিপক্ষে এই টেস্টে লাবুশেনের সামনে শুধু রান করার নয়, দলে নিজের জায়গা ধরে রাখারও বড় পরীক্ষা। ম্যাকাইয়ের প্রথম ইনিংসে ৪ রানে আউট হয়ে সেই চাপ আরও বেড়েছে।