প্রায় আট বছর একসঙ্গে থাকার পর আইনি বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। শুক্রবার (২১ আগস্ট) ভারতের গোয়ার ম্যাপুসার সাব-রেজিস্ট্রার অফিসে বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তারা।
ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। বড় কোনো আয়োজন কিংবা তারকাখচিত অনুষ্ঠানের পথে না গিয়ে একেবারেই ব্যক্তিগত পরিসরে নতুন জীবন শুরু করেছেন এই জুটি।
অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে ২০১৮ সালে। এরপর থেকে প্রায় আট বছর একসঙ্গে পথ চলেছেন তারা।বিয়ে না করেও দীর্ঘদিন ধরে সংসার করে আসছিলেন এই জুটি।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হয়েছে তাদের সম্পর্ক।বিভিন্ন অনুষ্ঠান, বিদেশ সফর কিংবা ব্যক্তিগত মুহূর্তের ছবি মাঝেমধ্যে সামাজিকমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দুজন।
অর্জুন ও গ্যাব্রিয়েলা বর্তমানে গোয়ার পানাজির কাছাকাছি সুকোরো গ্রামে থাকেন। এবার সেই গোয়ার মাটিতেই আইনি বিয়ের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন তারা।
২০১৯ সালে অর্জুন ও গ্যাব্রিয়েলার প্রথম সন্তান আরিকের জন্ম হয়। অর্থাৎ বিয়ের আগেই বাবা-মা হয়েছেন তারা।
অর্জুনের আগের দাম্পত্যের দুই মেয়ে রয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই একটি পরিবার হিসেবে জীবন কাটাচ্ছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।
হঠাৎ করে বিয়ের খবর সামনে এলেও তাদের সম্পর্কের এই পরিণতি নিয়ে আগে থেকেই কিছুটা ইঙ্গিত ছিল। একটি পডকাস্টে তাদের এনগেজমেন্টের বিষয়টিও প্রকাশ্যে এসেছিল।
এরপর থেকেই অনুরাগীদের একাংশের মধ্যে তাদের বিয়ে নিয়ে কৌতূহল তৈরি হয়। তবে কবে বা কোথায় বিয়ে করবেন, সে বিষয়ে এতদিন প্রকাশ্যে কিছু জানাননি তারা।
অর্জুন রামপালের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে সুপারমডেল মেহর জেসিয়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সেই সংসারে তাদের দুই মেয়ে মাহিকা ও মাইরা।
পরবর্তীতে মেহরের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি ঘটে। এরপর গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন। দীর্ঘদিনের সেই সম্পর্ক এবার বিয়ের মাধ্যমে নতুন পরিচয় পেল।