সেঞ্চুরির নায়ক তানজিদই এখন শঙ্কায়

সেঞ্চুরির নায়ক তানজিদই এখন শঙ্কায়

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তানজিদ হাসান তামিমের ঘাড়ের অস্বস্তি। ম্যাকাইয়ে বৃহস্পতিবার দলের অনুশীলনে ব্যাটিং করেননি এই বাঁহাতি ওপেনার।তবে আপাতত তার চোট গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলনে দলের সঙ্গে ওয়ার্মআপ করেন তানজিদ।অংশ নেন ফিল্ডিং অনুশীলনেও। কিন্তু ঘাড়ে অস্বস্তি থাকায় ব্যাটিং সেশন থেকে নিজেকে সরিয়ে রাখেন তিনি।অনুশীলনের বড় একটা সময় প্রধান নির্বাচক হাবিবুল বাশারের পাশে দাঁড়িয়ে কাটাতে দেখা যায় তাকে।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন তানজিদ।প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। ফলে দ্বিতীয় টেস্টের আগে তার ফিটনেস নিয়ে সামান্য শঙ্কাও স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের জন্য স্বস্তির নয়।

তবে দ্বিতীয় টেস্ট শুরু হতে এখনো দুই দিন বাকি। তানজিদ ঘাড়ের অস্বস্তির কথা জানানোর পর টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চায়নি। তাই বৃহস্পতিবার তাকে ব্যাটিং থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তিনি আবার নেটে ব্যাটিংয়ে ফিরবেন।

তানজিদকে নিয়ে সতর্কতার পাশাপাশি বিকল্প প্রস্তুতিও রেখেছে বাংলাদেশ। অনুশীলনে সৌম্য সরকারকে বেশ লম্বা সময় ব্যাটিং করতে দেখা গেছে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অনুশীলন করেছেন তিনি।

এদিকে অনুশীলনে আঙুলে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। আঘাত পাওয়ার পর কিছু সময় মাঠে বসে থাকলেও ফিজিওর প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। ফলে আপাতত মুশফিককে নিয়েও বড় কোনো শঙ্কা তৈরি হয়নি।

দ্বিতীয় টেস্টের একাদশ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। পেসার শরীফুল ইসলাম দীর্ঘ সময় নেটে বোলিং করেছেন। ডারউইন টেস্টে চোটের কারণে খেলতে না পারা শরীফুল দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন।

চতুর্থ পেসার হিসেবে শরীফুলকে খেলানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, একাদশের সিদ্ধান্ত ম্যাচের আগের দিন নেওয়া হবে।

সিমন্স বলেন, ‘আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব। এখনো কিছু চূড়ান্ত হয়নি।’

শরীফুলের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘সে ভিন্ন কিছু দেওয়ার সামর্থ্য রাখে। তবে আমরা মাত্র একটি টেস্ট জিতেছি। আমি এমন একজন, যে জয়ের একাদশে খুব বেশি পরিবর্তন করতে পছন্দ করি না।’

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এবার ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য টাইগারদের। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS