নাটোরে দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ৭

নাটোরে দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ৭

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ নেতাসহ সাতজন আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- বনপাড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন; সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির; বনপাড়া পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ; যুবদলের কর্মী আসলাম হোসেন; বনপাড়া পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধাসহ আরও দুজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকিরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় ৩০ থেকে ৪০ জনের একদল যুবক লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান।হামলায় গুরুতর আহত হয়েছেন বনপাড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির। এদের মধ্যে গুরুতর অবস্থায় হোসেন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং আকতারকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।এ ছাড়াও হামলায় বনপাড়া পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ এবং যুবদলের কর্মী আসলাম হোসেন আহত হয়ে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় আহত হয়েছেন বনপাড়া পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধাসহ আরও দুজন। হামলাকারীরা এসময় একটি চায়ের দোকান এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনার পর থেকে বনপাড়া পৌর শহরে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে আছে। এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS