দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ গড়তে সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের সংবিধানে সব নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ ব্যবস্থাপনার প্রান্তিক অংশীজন হিসেবে নয়, বরং সমান অধিকারসম্পন্ন অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। তাদের প্রয়োজন ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে আমাদের অবকাঠামো, পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রোমোটিং পারসনস উইথ ডিজঅ্যাবিলিটি-ফ্রেন্ডলি ইনক্লুসিভ ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স প্র্যাকটিসেস (আইসিজেআরপি)’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সব সাইক্লোন সেন্টার ও দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রতিবন্ধীবান্ধব করতে হবে।সেখানে হুইলচেয়ার চলাচলের উপযোগী র্যাম্প, প্রশস্ত প্রবেশপথ, প্রতিবন্ধীবান্ধব শৌচাগার, নিরাপদ চলাচলের ব্যবস্থা, পৃথক ও নিরাপদ থাকার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দুর্যোগের আগাম সতর্কবার্তাও শ্রবণ, দৃষ্টি ও অন্যান্য ধরনের প্রতিবন্ধিতা বিবেচনায় নিয়ে সহজবোধ্য ও বহুমাধ্যমভিত্তিক করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা প্রমুখ।