সাইফ আলী খানের ওপর হামলার মামলায় নতুন মোড়

সাইফ আলী খানের ওপর হামলার মামলায় নতুন মোড়

নিজ বাসভবনে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার এক বছরেরও বেশি সময় পর মামলাটি নতুন মোড় নিয়েছে। তার ওপর ছুরিকাঘাতে অভিযুক্ত আসামি শরিফুল ফকিরের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছে।এখন দ্রুত বিচারকাজ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি নাগরিক শরিফুল ফকিরের বিরুদ্ধে চুরির উদ্দেশে সাইফ আলীর বাড়িতে প্রবেশের অভিযোগ রয়েছে।আদালত সূত্রে জানা গেছে, বিচার চলাকালে অভিযুক্ত আসামি বিচারককে জানান, তাকে অভিযোগপত্র ও অন্য প্রয়োজনীয় নথি দেওয়া হয়নি। পরে আদালত সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র অভিযুক্তের হাতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেন।

মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ, তিনি চুরির উদ্দেশে বাথরুম দিয়ে সাইফ আলী খানের বান্দ্রার বাসভবনে প্রবেশ করেছিলেন। তদন্ত কর্মকর্তাদের দাবি, আসামি প্রথমে বুঝতে পারেননি এটি কার বাড়ি।

ওই বাড়িতে ঢোকার পর তিনি বাড়ির কর্মীদের সামনে যান ও টাকা দাবি করার সময় তাদের ছুরি দেখিয়ে ভয় দেখান।

অভিযোগে আরও বলা হয়েছে, সাইফের ছোট ছেলে জাহাঙ্গীরের রুমের সঙ্গে সংযুক্ত বাথরুমে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করলে আসামি এক আয়াকে ছুরিকাঘাত করেন।

এসময় আসামি শরিফুল ফকির ১ কোটি রুপি দাবি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, ঘটনার সময় ঘুম ভাঙার পর সাইফ পরিবারকে রক্ষায় এগিয়ে আসেন। ধস্তাধস্তির সময় তিনি ছুরিকাঘাতসহ বেশ কয়েকটি আঘাত পান। পরে অভিনেতাকে লীলাবতী হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার জরুরি অস্ত্রোপচার করা হয়। পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি।

অন্যদিকে, ঘটনার পর পালিয়ে যাওয়া শরিফুল ফকিরকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি ফকিরকে গ্রেপ্তার করা হয়। আসামির আইনজীবীরা তাকে হেফাজতে নেওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পুলিশ আটকের কারণ জানায়নি বলে দাবি করেছেন। এই গ্রেপ্তারকে বেআইনি বলেও তারা যুক্তি দেখিয়েছেন। দায়রা আদালতে অভিযুক্ত আসামির জামিন আবেদন এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS