তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের ব্যক্তিজীবন নিয়ে ফের শুরু হয়েছে জোর আলোচনা। স্ত্রী সংগীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নেওয়ার কয়েক দিনের মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে একই অনুষ্ঠানে দেখা গেল বিজয়কে।এরপরই সামাজিকমাধ্যমে নতুন করে ছড়িয়েছে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন।
শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজয়।
অনুষ্ঠানে বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখর সামনের সারিতে উপস্থিত ছিলেন। একই সারিতে দেখা যায় অভিনেত্রী তৃষা কৃষ্ণন ও তার মা উমা কৃষ্ণনকেও।তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিজয়ের স্ত্রী সংগীতা।
অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।একটি ভিডিওতে দেখা যায়, সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিজয় সামনে দিয়ে যাওয়ার সময় তাকে স্যালুট করছেন তৃষা। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই বিজয়-তৃষার সম্পর্ক নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা।
এর আগে বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়াগন’-এর স্ক্রিনিং থেকে শুরু করে তার শপথগ্রহণ অনুষ্ঠান- বিভিন্ন আয়োজনে তৃষার উপস্থিতি নজর কেড়েছে। ফলে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন চলছে। যদিও এ বিষয়ে বিজয় কিংবা তৃষা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে বিজয় ও সংগীতার দাম্পত্য জীবন প্রায় ২৭ বছরের। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে বিয়ে করেন তারা। পরবর্তী সময়ে তাদের সংসারে আসে দুই সন্তান। ২০০০ সালের ২৬ আগস্ট জন্ম নেয় তাদের প্রথম সন্তান। ২০০৫ সালে তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়।
দীর্ঘ এই দাম্পত্যের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টু এলাকার একটি আদালতে বিজয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবসান চেয়ে বিবাহবিচ্ছেদের মামলা করেন সংগীতা।
গত ১৫ জুন সংগীতা তার করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেন। এরপর শুনানি মুলতবি রেখে পরবর্তী তারিখ ৭ আগস্ট নির্ধারণ করা হয়। অবশেষে ওইদিন সংগীতা নিজের পিটিশন প্রত্যাহার করে নেন। এর মধ্য দিয়ে আদালত আনুষ্ঠানিকভাবে বিজয়-সংগীতার বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তি করেন।
তবে মামলা প্রত্যাহারের পরপরই তৃষার সঙ্গে বিজয়ের একই অনুষ্ঠানে উপস্থিতি নতুন করে কৌতূহল তৈরি করেছে। সামাজিকমাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রশ্ন- বিজয় ও তৃষার সম্পর্কের প্রকৃত সমীকরণ কী?