চিকিৎসা প্রযুক্তিতে আত্মনির্ভরশীলতার পথে ভারত

চিকিৎসা প্রযুক্তিতে আত্মনির্ভরশীলতার পথে ভারত

মোদি সরকারের নাগরিক-কেন্দ্রিক নীতির সুফলে স্বাস্থ্যখাতে বড় সাফল্য পেল ভারত। চিকিৎসা প্রযুক্তির আধুনিকীকরণ ও দেশীয় উৎপাদনের কারণে সাধারণ মানুষের চিকিৎসার ব্যক্তিগত খরচ এক দশকে ৬৫ শতাংশ থেকে কমে ৪৩ শতাংশে দাঁড়িয়েছে।

একই সাথে আমদানিনির্ভরতা কমিয়ে ভারতকে আন্তর্জাতিক ‘মেড-টেক’ খাতের বিশ্বস্ত উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শক্তিশালী হয়েছে।

‘প্রধানমন্ত্রী-আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন’ এর অধীনে ভারতে ল্যাবরেটরির আধুনিকীকরণ, ক্রিটিক্যাল কেয়ার পরিকাঠামো ও রোগ নজরদারি ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো হয়েছে।পাশাপাশি ‘জাতীয় চিকিৎসা সরঞ্জাম নীতি ২০২৩’ ও ‘প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ’ প্রকল্পের মতো আর্থিক সহায়তামূলক উদ্যোগের মাধ্যমে ৫০টিরও বেশি বিশ্বমানের উন্নত চিকিৎসা সরঞ্জাম এখন ভারতের অভ্যন্তরেই উৎপাদিত হচ্ছে।

চিকিৎসা প্রযুক্তি খাতের এই বৈপ্লবিক অগ্রগতি প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, আগে বহু দামি চিকিৎসা সরঞ্জাম বিদেশের ওপর নির্ভরশীল হওয়ায় চিকিৎসা ব্যয় অনেক বেশি হতো।

তবে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, সাশ্রয়ী ইমেজিং সিস্টেম ও ডিজিটাল ডায়াগনস্টিকসের মতো প্রযুক্তির দেশীয় ব্যবহার বৃদ্ধিতে রোগ নির্ণয়ের সময় ও খরচ—দুটোই উল্লেখযোগ্য হারে কমছে।

বর্তমানে ভারতের মেড-টেক বাজার এশিয়ার চতুর্থ বৃহত্তম এবং বৈশ্বিক তালিকায় শীর্ষ ২০টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে।১৫ থেকে ১৬ বিলিয়ন ডলারের এই বাজারটি প্রতি বছর প্রায় ১২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের দ্রুততম বর্ধনশীল উৎপাদন ক্ষেত্রগুলোর একটি। ‘বিকশিত ভারত ২০৪৭’ লক্ষ্যকে সামনে রেখে বিশ্ব বাজারে উন্নতমানের ও সাশ্রয়ী চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ভারত এখন আত্মনির্ভর ও বিশ্বস্ত বৈশ্বিক অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS