ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে সেটিরই প্রতিধ্বনি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।
এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বুধবার (৫ আগস্ট) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বক্তব্য দেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমি নিশ্চিত যে আপনারা সবাই আমাদের পররাষ্ট্রমন্ত্রীর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এবং বক্তব্য দেখেছেন। আমি তথ্যমন্ত্রী হিসেবে, আমার প্রিয় সহকর্মী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেটারই প্রতিধ্বনি করছি আপনাদের সামনে।