News Headline :
স্ক্রিন টাইম কমানোর সহজ উপায় মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ ফ্রান্সের দাবানলে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলা-বারুদ রাজস্ব আদায়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি, তবুও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে – ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা স্বাধীনতাবিরোধীরা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদব সৃষ্টি করেছে সৌদি জোটে বাংলাদেশের যোগদান স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকারের প্রতিফলন: পররাষ্ট্রমন্ত্রী আমতলীতে দেবে গেছে ৫ কোটি টাকার সড়কের একাংশ ধর্ম যার যার, বাংলাদেশ সবার: ডিএনসিসি প্রশাসক মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি মার্কিন নৌ কমান্ডারের শ্রদ্ধা
সৌদি জোটে বাংলাদেশের যোগদান স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকারের প্রতিফলন: পররাষ্ট্রমন্ত্রী

সৌদি জোটে বাংলাদেশের যোগদান স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকারের প্রতিফলন: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও সৌদি আরব দ্বি-পক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যেতে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’ বা সমন্বিত অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে গুরুত্বারোপ করেছে। একইসঙ্গে বাংলাদেশের বন্দর, অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির মধ্যে অনুষ্ঠিত দ্বি-পক্ষীয় বৈঠকে এ বিষয় উঠে আসে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম ও কৌশলগত সম্পর্ককে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়।তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে দ্বি-পক্ষীয় সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপে’ উন্নীত করার প্রস্তাব দেন।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।এ সময় পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি আরবের বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন এবং সংলাপ ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দেশের অঙ্গীকারের প্রতিফলন।

সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান দৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করে বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের বন্দর, অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানিখাতে সৌদি বিনিয়োগের আগ্রহের কথা জানান।

এ ছাড়া ঢাকায় তৃতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ সভা এবং বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের ১৫তম বৈঠক দ্রুত আয়োজনের ওপরও জোর দেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সৌদি আরবের অব্যাহত মানবিক ও রাজনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখতে সৌদি আরবের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

বৈঠকে নিরাপত্তা, বিনিয়োগ এবং বহুপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের নির্বাচনে সৌদি আরবের সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উভয় পক্ষ উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থে কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি বর্তমানে দুই দিনের সরকারি সফরে ঢাকায় অবস্থান করছেন। তার নেতৃত্বে সফরকারী উচ্চপর্যায়ের সৌদি প্রতিনিধিদলে দুইজন উপমন্ত্রীসহ দেশটির সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS