শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

২০১৯ সালের ভয়াবহ ইস্টার বোমা হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দরা এবং সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত।

শুক্রবার (৩১ জুলাই) রায় ঘোষণা করে স্থায়ী ট্রায়াল-অ্যাট-বার নামে পরিচিত বিশেষ আদালত।স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আদালত তাদের বিরুদ্ধে আগাম গোয়েন্দা সতর্কবার্তা পাওয়ার পরও হামলা প্রতিরোধে ব্যর্থতা, দায়িত্বে গুরুতর অবহেলা, হত্যা এবং হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেছে।

রায়ের পর তাৎক্ষণিকভাবে জয়াসুন্দরা ও ফার্নান্দোর আইনজীবীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যদিও শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, তবে দীর্ঘদিন ধরে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর না করার নীতি অনুসরণ করা হচ্ছে।ফলে অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুদণ্ড পরে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়।

এর আগে ২০২২ সালে তিন বিচারকের একটি হাইকোর্ট বেঞ্চ একই অভিযোগে দুজনকে খালাস দিয়েছিল।তবে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট মামলাটি পুনর্বিচারের নির্দেশ দিলে চলতি বছরের মার্চে নতুন করে বিচার শুরু হয়।

২০২৪ সালে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছিলেন।

২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ওই হামলায় ২৭৯ জন নিহত এবং প্রায় ৫০০ জন আহত হন। নিহত ও আহতদের মধ্যে দ্বীপটির খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS