চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশীয় উৎপাদন থেকে ইউরিয়া সারের সরবরাহ নিশ্চিত করতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এজন্য সরকারের ব্যয় হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের উত্থাপিত এ সংক্রান্ত ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কাফকোর কাছ থেকে মোট ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার সংগ্রহ করা হবে।প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৭ দশমিক ২৫ মার্কিন ডলার।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশকে সুপারিশকৃত সরবরাহকারী হিসেবে উল্লেখ করা হয়।প্রস্তাবটি পর্যালোচনা শেষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন দেয়।
সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এ ক্রয়ের মাধ্যমে চলতি অর্থবছরে কৃষি খাতে ইউরিয়া সারের চাহিদা পূরণ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সহায়তা মিলবে।