এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার

একীভূত হওয়া পাঁচটি ইসলামিক ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকে নিয়োজিত প্রশাসককে প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এখন থেকে ওই ব্যাংকের প্রধান কার্যালয়ে অফিস করবেন।

এ কারণে বৃহস্পতিবার (৩০ জুলাই) এক্সিম ব্যাংক থেকে প্রশাসক শওকাতুল আলম এবং তার প্রতিনিধিদের প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়।একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকদেরও দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ব্যাংকগুলোর কার্যক্রম চলমান রাখতে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

পরবর্তীতে গত জুনে সরকার কাজি শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আবেদুর রহমান শিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাংলানিউজকে বলেন, ‘একে একে পাঁচটি ব্যাংকেরই প্রশাসক প্রত্যাহার করে নেওয়া হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে এক্সিম ব্যাংকের প্রশাসক প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

এর আগে গত বুধবার সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে পরিচালিত পাঁচটি ব্যাংকের আমানত ফেরত দেওয়ার বিষয়টি শিথিল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। ফলে এখন থেকে চিকিৎসা বা বিদেশে পড়ালেখার ব্যয় নির্বাহের মতো জরুরি প্রয়োজনে চাহিদামাফিক আমানত তুলতে পারবেন এই পাঁচ ব্যাংকের আমানতকারীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS