স্পেনের ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর মাদ্রিদের থার্থুয়েলা প্যালেসে জাতীয় দলকে দেওয়া রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে। রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেতিসিয়ার ছোট মেয়ে প্রিন্সেস সোফিয়ার সঙ্গে স্প্যানিশ ১৭ নম্বর তারকা লামিনে ইয়ামালের সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর এ নিয়ে নানামুখী জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
গতকাল বিশ্বজয়ী বীরদের শুভেচ্ছা জানানোর ঐতিহ্যবাহী এই আয়োজনে দেখা যায়, রাজা ফিলিপের উষ্ণ আলিঙ্গনের পর ইয়ামাল দ্রুত রানী লেতিসিয়া এবং দুই রাজকন্যা লিওনোর ও সোফিয়ার সঙ্গে হাত মেলান। তবে রাজপরিবারের কনিষ্ঠ সদস্য প্রিন্সেস সোফিয়ার সামনে এলে ইয়ামাল চোখ সরিয়ে নেন, সংক্ষিপ্তভাবে হাত মেলান এবং দ্রুত এগিয়ে যান।অথচ দৃশ্যত সোফিয়া তার সঙ্গে কিছু কথা বলতে শুরু করেছিলেন। এই সংক্ষিপ্ত মুহূর্তটি সামাজিক নেটওয়ার্কে ছড়িয়ে পড়তেই শুরু হয় তত্ত্বের লড়াই।
ইয়ামালের এমন আচরণের পেছনে নেটিজেনরা মূলত তিনটি কারণ দাঁড় করিয়েছেন:
ধর্মীয় রীতিনীতি: মরক্কো বংশোদ্ভূত ১৯ বছর বয়সী ইয়ামাল একজন মুসলিম। অনেক ব্যবহারকারীর মতে, ধর্মীয় অনুশাসনের কারণে অপরিচিত বা পরনারীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তিনি বেশি সংকোচবোধ করেছেন।এক নেটিজেন লেখেন, ‘তিনি তিন নারীর সঙ্গেই সংক্ষিপ্ত আচরণ করেছেন, কারণ তার ধর্মে সাধারণত নারীদের স্পর্শ বা হাত মেলানো নিয়ে বিধিনিষেধ থাকে। নিজের চর্চার প্রতি শ্রদ্ধা থেকেই তিনি এমনটি করেছেন।’
তবে অনেকেই এই তত্ত্বের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ইয়ামাল প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে নারীদের সঙ্গে খোলামেলা মেলামেশা ও করমর্দন করে থাকেন, তাই এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই।
লজ্জা ও বয়সের জড়তা: অন্য এক দলের মতে, ১৯ বছর বয়সী এই তরুণ ফুটবলার রাজপরিবারের আনুষ্ঠানিক প্রোটোকল এবং এত বড় আয়োজনে কিছুটা নার্ভাস ছিলেন। ফলে রাজকন্যার কথা শুরুর বিষয়টি হয়তো তিনি হুট করে খেয়াল করতে পারেননি।
প্রেমিকার প্রতি বিশ্বস্ততা ও প্রোটোকল: কিছু সমর্থক দাবি করেন, ইয়ামাল স্রেফ রাজকীয় প্রোটোকল মানছিলেন এবং সবার সঙ্গে সমপরিমাণ সময় দিয়ে করমর্দন করে এগিয়ে যাচ্ছিলেন। আবার কেউ কেউ কোনো প্রমাণ ছাড়াই রসিকতা করে মন্তব্য করছেন, প্রেমিকার প্রতি সম্মান বা ঈর্ষার ভয়েই হয়তো তিনি রাজকন্যাকে এড়িয়ে গেছেন!
এই বিতর্কের মাঝে একটি বড় অংশের নেটিজেন আফসোস প্রকাশ করেছেন রাজকন্যা সোফিয়ার জন্য। তাদের মতে, বড় বোন ভবিষ্যৎ রানী প্রিন্সেস লিওনোর থাকা সত্ত্বে বহু আনুষ্ঠানিকতায় সোফিয়া প্রায়ই আড়ালে পড়ে যান। এই ঘটনার সময়ও তাকে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
অনলাইন দুনিয়ায় এই ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হলেও, এ বিষয়ে লামিনে ইয়ামাল কিংবা স্প্যানিশ রাজপরিবারের (স্প্যানিশ রয়্যাল হাউস) পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। রাজপথের প্যারেড ও প্যালেসের এই সংবর্ধনা সূচি শেষ করে বর্তমানে বিশ্বজয়ের আমেজেই রয়েছে পুরো স্প্যানিশ দল।