দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতিভরি স্বর্ণের দাম সর্বোচ্চ দুই হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি কমে দুই লাখ ৪০ হাজার টাকায় নেমে এসেছে। সোমবার (৪ মে) ছিল দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
মঙ্গলবার (৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।
বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি রুপা পাঁচ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি চার হাজার ৪৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা।